ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি নির্যাতনের অভিযোগ, জামায়াতের নিন্দা

জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানের ওপর পুলিশের ‘শারীরিক নির্যাতন’ ও হেনস্তার অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগ।
রোববার (১৪ জুন) দেওয়া এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, চট্টগ্রামের লালখান বাজার এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে নাঈম হাসানকে শারীরিকভাবে নির্যাতন, হেনস্তা এবং থানায় নিয়ে গিয়ে দুর্ব্যবহার করার অভিযোগ অত্যন্ত নিন্দনীয়।
বিবৃতিতে তিনি বলেন, ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে নিজ বাড়িতে ফেরার পথে একজন জাতীয় পর্যায়ের ক্রিকেটারকে গাড়ি থেকে নামিয়ে পাইপ দিয়ে মারধর এবং গলা চেপে ধরার মতো ঘটনার অভিযোগ উদ্বেগজনক। নাঈম নিজের পরিচয় দেওয়ার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন আচরণ সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করে বলেও মন্তব্য করেন তিনি।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের প্রতিনিধিত্বকারী একজন ক্রীড়াবিদের সঙ্গে যদি প্রকাশ্য সড়কে এমন আচরণের অভিযোগ ওঠে, তাহলে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক। তিনি বলেন, এ ধরনের ঘটনায় শুধু প্রত্যাহার বা ক্লোজড করাকে যথাযথ শাস্তি হিসেবে বিবেচনা করা যায় না।
জামায়াত নেতা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানান। একই সঙ্গে নাঈম হাসানের ওপর নির্যাতনের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি প্রচলিত আইনে কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে কোনো নাগরিক এ ধরনের ঘটনার শিকার না হন।
বিবৃতিতে তিনি নাঈম হাসান ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দেশের ক্রীড়াবিদ ও যুবসমাজের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।





