বাবার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজার সফরে এসে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৩ জুন) রাজধানী ঢাকা থেকে বেসরকারি বিমান সংস্থার একটি ফ্লাইটে দীর্ঘ দুই যুগ পর কক্সবাজারে পৌঁছান তিনি। সফরের শুরুতেই পিএমখালী এলাকার ঐতিহ্যবাহী পাতলী খালের পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ উপলক্ষে সকাল থেকেই পিএমখালী এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। কক্সবাজার বিমানবন্দর থেকে পাতলী খাল পর্যন্ত সড়কের দুই পাশে বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রিয় নেতাকে স্বাগত জানান।
১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা এবং সেচব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে যে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন, পাতলী খাল তারই একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। ১৯৭৯ সালের নভেম্বর মাসে তিনি নিজে এই খাল খনন কার্যক্রমের উদ্বোধনে কক্সবাজারে এসেছিলেন।
স্থানীয় এই উদ্যোগের পাশাপাশি সরকার জাতীয় পর্যায়ে একটি বৃহৎ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং কৃষি মন্ত্রণালয়ের যৌথ ব্যবস্থাপনায় আগামী পাঁচ বছরে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে চলতি বছরের জুন পর্যন্ত ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খননের কাজ এগিয়ে চলছে।
পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, শুধু খাল খনন নয়, পরিবেশ সুরক্ষায় খালের পাড় সংরক্ষণ, ব্যাপক বৃক্ষরোপণ এবং অবৈধ দখল উচ্ছেদেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর রাতে একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।





