সিটি মেডিকেল হাসপাতালের অগ্নিকাণ্ডে উদ্ধারকাজে অংশ নেওয়াদের প্রশংসায় হুইপ বকুল

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো রোগীর প্রাণহানি না হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।
শুক্রবার (১২ জুন) রাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হাসপাতাল ভবন পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুইপ বকুল বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও দ্রুত সময়ের মধ্যে চিকিৎসাসেবা পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে হাসপাতাল থেকে স্থানান্তর করা আড়াই শতাধিক রোগীর চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব, বিজিবি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তাদের সঙ্গে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং রেড ক্রিসেন্ট সোসাইটির নেতা-কর্মীরাও জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
হুইপ বকুল বলেন, “যারা নিজেদের জীবনের ঝুঁকি উপেক্ষা করে রোগীদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করেছেন, তাদের এই মানবিকতা ও দায়িত্ববোধ সত্যিই প্রশংসনীয়। এমন সংকটময় মুহূর্তে তারা যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা মানুষের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। বিএনপি তাদের এই অবদানের কথা কখনো ভুলবে না।”
তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে আসছে এবং যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও জনগণের প্রয়োজনেই দলটি কাজ করবে। মানুষের সেবা এবং মানবিক দায়িত্ব পালনই বিএনপির রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি।
হাসপাতালের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ ঘুরে দেখার পর তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে পুনর্বাসন কার্যক্রম শুরু করার আহ্বান জানান। একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে তিনি জানান, খুলনার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো রোগী যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে দলীয় নেতা-কর্মী ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএর চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, হাসপাতালের পরিচালক ডা. রফিকুল ইসলাম বাবলুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






