খুলনা-বরিশাল অঞ্চলের বাস ধর্মঘট এক মাসের জন্য স্থগিত

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম
খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় ঘোষিত পরিবহন ধর্মঘট আপাতত এক মাসের জন্য স্থগিত করেছে বাস মালিক সমিতি। জেলা প্রশাসনের আশ্বাসের পর শনিবার রাতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠকে বাস মালিকদের উত্থাপিত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক আশ্বাস দেওয়া হলে মালিকপক্ষ ধর্মঘট কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।
রূপসা বাস মালিক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, জেলা প্রশাসকের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মালিকদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়গুলোর সমাধানে এক মাস সময় চাওয়া হলে মালিক সমিতি ধর্মঘট কর্মসূচি স্থগিত রাখতে সম্মত হয়।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, বিআরটিএ ও বাস মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে। আলোচনার ফল হিসেবে মালিক সমিতি তাদের পূর্বঘোষিত ধর্মঘট এক মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এর ফলে সম্ভাব্য পরিবহন সংকট ও যাত্রী ভোগান্তি থেকে আপাতত স্বস্তি পেয়েছেন খুলনা ও বরিশাল অঞ্চলের সাধারণ মানুষ। আগামী এক মাসের মধ্যে দাবি বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করবে বাস মালিক সমিতি।






