যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের জমকালো উদ্বোধন, মঞ্চ মাতালেন কেটি পেরি-লিসা; ছিলেন না ট্রাম্প

ঝলমলে আয়োজন আর তারকাদের উপস্থিতিতে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হলো ফুটবল বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের ম্যাচ শুরুর আগে আয়োজিত এই অনুষ্ঠানে যেন এক টুকরো হলিউডের আবহ ফুটে ওঠে।
লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের বিশাল পর্দায় ভেসে ওঠে শহরের ঐতিহ্যবাহী ‘হলিউড’ সাইন। এরপরই শোনা যায় ‘ওয়েলকাম টু দ্য ইউএসএ’ ঘোষণা। অনুষ্ঠানে অংশ নেন জনপ্রিয় সংগীতশিল্পী ফিউচার, টাইলা, আনিত্তা এবং কোরিয়ান পপ তারকা লিসা।
শহরের স্ট্রিট আর্ট ও সৃজনশীল সংস্কৃতিকে তুলে ধরতে মঞ্চসজ্জা ও পোশাকে ছিল বিশেষ আয়োজন। ম্যাচ শুরুর আগে পরিবেশনায় যোগ দেন হলিউড অভিনেতা জেসন সুদেইকিস এবং বিশ্বখ্যাত গায়িকা কেটি পেরি, যা দর্শকদের বাড়তি উচ্ছ্বাস এনে দেয়।
স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিনোদন ও ক্রীড়াজগতের বহু পরিচিত মুখ। তাদের মধ্যে ছিলেন টম ক্রুজ, ডেভিড বেকহ্যাম, হ্যালি বেরি, রব লো, ওউইন উইলসন ও প্যারিস হিলটন। মাঠের কেন্দ্রে রাখা বিশাল বিশ্বকাপ ট্রফিকে ঘিরে নৃত্যশিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
প্রায় ৭০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামের ছাদ থেকে ঝুলিয়ে রাখা হয়েছিল সোনালি রঙের বিশাল ফিফা প্রতীক, যা পুরো আয়োজনকে আরও দৃষ্টিনন্দন করে তোলে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। জানা গেছে, তিনি ফোনের মাধ্যমে যুক্তরাষ্ট্র দলের খেলোয়াড়দের শুভকামনা জানিয়েছেন।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপের তিন আয়োজক দেশের মধ্যে মেক্সিকো ও কানাডায় এর আগেই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। যুক্তরাষ্ট্রে এ আয়োজনের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো তিনটি সহ-আয়োজক দেশেই পৃথকভাবে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হলো।





