লালমনিরহাটে আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, আহত দুই

শাহ আনিস আরাফাত রাজিন
লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধায় ছাগল চুরি মামলার আসামি ফিরোজকে গ্রেপ্তার করতে গিয়ে আসামিপক্ষের লোকজনের হামলার শিকার হয়েছেন হাতীবান্ধা থানা পুলিশ।
এসময় স্থানীয়দের সাথে ধস্তাধস্তিতে দুই জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা যায়।
গত শুক্রবার বিকেলে (২৮ আগস্ট) উপজেলার নওদাবাস ইউনিয়নের পূর্ব নওদাবাস এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই পুলিশ সদস্য হলেন উপ-পরিদর্শক (এসআই) আলন চন্দ্র বর্মন ও সুজন চন্দ্র। তাঁরা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মামলার বাদী জাকিরুলের অভিযোগ, তাঁর দুটি ছাগল চুরি হয়। পরে সিসিটিভি ফুটেজে ফিরোজকে ছাগল দুটি নিয়ে যেতে দেখা যায়। এ ঘটনায় থানায় এজাহার দিলে থানা পুলিশ ফিরোজকে গ্রেপ্তারে অভিযানে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ফিরোজকে গ্রেপ্তার করতে গেলে আসামিপক্ষের লোকজন পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। তারা চুরি মামলার আসামী ফিরোজকে গ্রেফতারে বাঁধা দেয়ার চেষ্টা করে একপর্যায়ে পুলিশ সদস্যদের মোটরসাইকেলসহ পুকুরে ফেলে দেওয়ারও চেষ্টা করা হয়। এতে এসআই আলন চন্দ্র বর্মন ও সুজন চন্দ্র আহত হন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন,পুলিশকে বাঁধা দেয়ার চেষ্টা করেছিলো আসামী পক্ষ ধস্তাধস্তির সময় দুই পুলিশ সদস্য পড়ে গিয়ে আহত হন।
পরে চুরি মামলার আসামি ফিরোজকে আটক করে আজ সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আশরাফুজ্জামান সরকার আর বলেন, সরকারি কাজে বাঁধা দেয়ায় ৭জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতদের আসামি করে গতকাল রাতেই একটি মামলা দায়ের করা হয়েছে।
ভিডিও ফুটেজ দেখে আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।






