খালিশপুরে ১৭ মামলার আসামি মনিরুল গ্রেপ্তার

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খালিশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে খালিশপুর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ১৭টি মামলার আসামি মো. মনিরুল ইসলাম মন্ডল (৩৮) গ্রেপ্তার হয়েছেন।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানার একটি বিশেষ দল থানাধীন প্রভাতী মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, মনিরুল খালিশপুর থানার একটি দস্যুতা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি এবং তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।
গ্রেপ্তার মনিরুল ইসলাম মন্ডল খালিশপুর এলাকার হাউজিং পুরাতন কলোনির বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, মাদক, মারামারি, চুরি ও নারী-শিশু নির্যাতনসহ মোট ১৭টি মামলা রয়েছে।
থানার রেকর্ড অনুযায়ী, তার বিরুদ্ধে ১টি ডাকাতি, ২টি দস্যুতা, ৪টি মাদক, ৮টি মারামারি, ১টি চুরি এবং ১টি নারী ও শিশু নির্যাতন আইনের মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি সাজাপ্রাপ্তও হয়েছেন।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম মন্ডল খালিশপুর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী এবং একাধিক মামলার আসামি নজরুল ইসলামের আপন ভাই।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




